মাগুরা সংবাদদাতা

ইসলামী ব্যাংকে কথিত ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদ এবং আট দফা দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে শহরের ইসলামী ব্যাংক শাখার সামনে এ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম জেলা শাখা।

মানববন্ধনে ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মাগুরা জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, গ্রাহক মাসুদুল আলম, মোহাম্মদ খাইরুল ইসলাম ও মারুফ হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে ব্যাপক অনিয়ম ও লুটপাট চালিয়েছে। ২০২৪ সালে ব্যাংকটি সেই চক্রের কবল থেকে উদ্ধার করা হলেও বর্তমানে আবারও তাদের ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে।

তারা আরও বলেন, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বিভিন্নভাবে হস্তক্ষেপ করা হচ্ছে এবং সুশাসন ব্যাহত হচ্ছে।

সমাবেশ থেকে বক্তারা আট দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল, এএমডি কামাল উদ্দিন জসীমকে বহিস্কার, চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র বন্ধ এবং ব্যাংকের ওপর গভর্নরের ‘অবৈধ হস্তক্ষেপ’ বন্ধ।

Share.
Exit mobile version