বাংলার ভোর প্রতিবেদক
যশোরে গৃহবধূ ছামিনা আক্তার শাম্মি হত্যা দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শেখহাটি ও তরফ নওয়াপাড়াবাসী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার (৯ জুন) বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধনে নিহতের পিতা শফিকুল ইসলাম বলেছেন, তার মেয়ে একজন মেধাবী শিক্ষার্থী ছিলো। বিয়ের মাত্র ছয় মাসের মাথায় তাকে লাশ হতে হলো। নৃশংসভাবে মাদকাসক্ত স্বামী সুজনের হাতে তার মৃত্যু হয়। তিনি অবিলম্বে হত্যাকারীর বিচার ও ফাঁসি দাবি করেন।

এলাকাবাসীর দাবি, হত্যকারী আটক অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সে সকলের সামনে হত্যার কথা স্বীকার করেছে। পুলিশ প্রশাসনও জানে। ফলে দ্রুত শাম্মি হত্যার ফয়সালা করতে হবে।

এর আগে শেখহাটি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শত শত নারী পুরুষ প্রেসক্লাবের সামনে জড়ো হন। মানববন্ধন শেষে তারা মিছিল সহকারে ফিরে যান। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয় বুধবার পুলিশের কাছে স্মারকলিপি দেয়া হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহতের নানা আব্দুল আহাদ, মামা জিয়াউর রহমান, খালু সাইদুর রহমান সাবু, চাচা মহাসিন আলী, ইয়াসিন আলী, কামরুল হাসান শিমুল প্রমুখ।

উল্লেখ্য, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে শেখহাটি তমালতলার বাসায় স্ত্রী ছামিনা আক্তার শাম্মিকে ছুরিকাঘাতে হত্যা করেন সুজন। এরপর নিজের শরীরে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

সুজন বর্তমানে পুলিশি পাহারায় যাশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পারিবারিক কলহের জেরে সুজন তার স্ত্রীকে হত্যা করেন বলে জানা গেছে।

Share.
Exit mobile version