বাংলার ভোর প্রতিবেদক
যশোরে এক্সিম ব্যাংকের হাটখোলা রোড শাখায় ফিক্সড ডিপোজিট মেয়াদোত্তীর্ণের পরও টাকা না পেয়ে বিক্ষোভ করেছেন গ্রাহকরা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় যশোর জেলা হার্ডওয়্যার দোকান মালিক সমিতির সদস্যরা ব্যাংকের ওই শাখায় অবস্থান নেন এবং বিক্ষোভ করতে থাকেন।
বিক্ষোভকারীরা জানান, সমিতির ১১০ জন সদস্য এক বছর মেয়াদে মোট ৬৫ লাখ টাকা ফিক্সড ডিপোজিট (এফডিআর) হিসেবে জমা রেখেছিলেন।
মেয়াদ শেষে লভ্যাংশসহ তাদের পাওনা দাঁড়িয়েছে ৭২ লাখ ৩ হাজার টাকা। কিন্তু মেয়াদ শেষ হওয়ার ছয় মাস অতিবাহিত হলেও ব্যাংক থেকে তাদের টাকা পরিশোধ করছে না। বলছে একাধিক কিস্তিতে টাকা নিতে হবে।
জেলা হার্ডওয়্যার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী খান বলেন, সদস্যরা তাদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করেছেন। বারবার যোগাযোগ করেও টাকা পাওয়া যাচ্ছে না। এখন ভেঙে টাকা নিলে তা কোন কাজে আসবে না। তাছাড়া ফিক্সড ডিপোজিটের টাকা এভাবে দেয়া নীতিবহির্ভুত।
এ সমতির সভাপতি মানিক চন্দ্র কর বলেন, আমাদের সমিতির মাধ্যমে এক বছর মেয়াদে একটি এফডিআর করা ছিলো। গত নভেম্বরে সেই এফডিআরের মেয়াদ শেষ হলেও ব্যাংক কর্তৃপক্ষ টাকা পরিষদ না করে বিভিন্ন অজুহাতে আমাদের ঘোরাচ্ছে। ফলে সদস্যদের চাপের মুখে পড়তে হচ্ছে আমাদের।
এ সময় যশোর জেলা হার্ডওয়্যার দোকান মালিক সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এদিকে এক্সিম ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের টাকা দুই দফায় পরিশোধ করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুসরণ করেই বিষয়টি নিষ্পত্তির প্রক্রিয়া চলছে।
তবে এ ঘটনাকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দিলেও পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।
