বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার মালঞ্চি এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন, শহরের আরএন রোডের বাসিন্দা ঝালকাটি জেলার রাজাপুর উপজেলার রোলা মোল্লাবাড়ি গ্রামের তোফাজ্জেল মোল্লা টুকু, একই উপজেলার জীবনদাসকাঠী গ্রামের নাছির উদ্দিন, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা বলফিল্ড এলাকার শেখ জাকির হোসেন এবং যশোর সদর উপজেলার শানতলা গ্রামের নূরে আলম সিদ্দিকী মিন্টু।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, তদন্ত ওসি কাজী বাবুল ও ওসি অপারেশন মমিনুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে মালঞ্চি এলাকার মফিজের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, প্রকাশ্যে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতেনাতে চারজনকে আটক করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে জুয়ার বোর্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

