বাংলার ভোর প্রতিবেদক :
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পাদিত (এডিট করা) অশ্লীল ছবি ছড়িয়ে দেয়া, মানহানিকর পোস্ট প্রকাশ এবং চাঁদা দাবির অভিযোগে সোনালী আক্তার স্মৃতি নামে এক নারীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকার এক নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের সত্যতা যাচাই করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার আসামি সোনালী আক্তার স্মৃতি একই এলাকার আল আমিনের স্ত্রী ও খোকনের মেয়ে।

তিনি বাদীর স্বামীর সাবেক স্ত্রী। তালাকের পর বাদীকে বিয়ে করেন ওই ব্যক্তি। বর্তমানে স্মৃতি অন্যত্র সংসার করছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, পূর্বের বিরোধের জেরে আসামি দীর্ঘদিন ধরে বাদীর স্বামীর ফেসবুক আইডিতে আপত্তিকর বার্তা পাঠিয়ে আসছিলেন। একপর্যায়ে বাদীর ছবি সম্পাদনা করে অশ্লীল ও আপত্তিকর ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এতে বাদী ও তার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বাদী আসামিকে বিরত থাকতে বললে তিনি এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে আরও আপত্তিকর ছবি ও মানহানিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকিও দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী প্রথমে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ না করায় তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share.
Exit mobile version