বাংলার ভোর প্রতিবেদক
যশোরে রোটারি আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ও বিশিষ্ট রোটারিয়ান ফজলে রাব্বি মোপাশার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় যশোর প্রেসক্লাবের গোলাম মাজেদ অডিটোরিয়ামে রোটারি ক্লাব অব যশোর নকশীকাঁথার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, ফজলে রাব্বি মোপাশা ছিলেন যশোরে রোটারি আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। সমাজসেবা, নেতৃত্ব, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে তাঁর উল্লেখযোগ্য অবদান থাকলেও একজন নিবেদিতপ্রাণ রোটারিয়ান হিসেবেই তিনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন।
বক্তারা আরও বলেন, মানুষ চলে গেলেও তার আদর্শ, কর্ম ও ভালোবাসা মানুষের হৃদয়ে বেঁচে থাকে। ফজলে রাব্বি মোপাশা তাঁর কর্মময় জীবনের মাধ্যমে যশোরবাসীর হৃদয়ে দীর্ঘদিন শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।
রোটারি ক্লাব অব যশোর নকশীকাঁথার নবনির্বাচিত সভাপতি বিশ্বজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন রোটারি ক্লাব অব যশোরের সাবেক সভাপতি জেড এম সালেক, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুর রহমান, রোটারি ক্লাব অব যশোর সেন্ট্রালের সাবেক সভাপতি যোগেশ দত্ত, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম চৌধুরী মিলন, রোটারি ক্লাব অব যশোর ইস্টের সাবেক সভাপতি শ্রাবস্তী আহমেদ, রবিউল ইসলাম, আবু সেলিম রানা, রোটারি ক্লাব অব যশোর নকশীকাঁথার বিদায়ী সভাপতি বাপ্পী কে রায় এবং রোটারি ক্লাব অব যশোর স্টারের সাবেক সভাপতি সোনিয়া ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটারিয়ান উজ্জ্বল বিশ্বাস।
এর আগে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ২০২৬-২৭ রোটারি বর্ষের দায়িত্ব বিদায়ী সভাপতি বাপ্পী কে রায়ের কাছ থেকে নবনির্বাচিত সভাপতি বিশ্বজিৎ কুমার ঘোষ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
পরে নবনির্বাচিত সভাপতি বিশ্বজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে রোটারি ক্লাব অব যশোর নকশীকাঁথার ১০৯তম সভা অনুষ্ঠিত হয়।
