ঝিকরগাছা সংবাদদাতা
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ নির্বাচিত হওয়ার পর প্রথম দিনেই দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
শুক্রবার জুমার নামাজ তিনি নিজ বাসভবন নাভারন কলোনি মাঝেরপাড়া জামে মসজিদে আদায় করেন। নামাজ শেষে নাভারন মাঝেরপাড়া কলোনি বাজার জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন এবং মসজিদের উন্নয়ন কাজের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আমি কোনো দলের এমপি নই, আমি আপনাদের সবার এমপি। আপনাদের জন্য কাজ করবো, এই এলাকায় ব্যাপক উন্নয়ন হবে ইনশাআল্লাহ। কোনো দল, ধর্ম, বর্ণ বা ভেদাভেদ করা হবে না। অতীতের সব কথা ভুলে গিয়ে কেউ প্রতিশোধমূলক আচরণ করবেন না। আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।”
দুপুর প্রায় ২টার দিকে তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। শুক্রবার বায়সায় বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত রেজাউল হোসেনের খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
পরে নাভারন ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়কে কেন্দ্র করে বায়সা বাজারে ব্যবসায়ীদের দোকান খুলতে বাধা দেয়ার খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান। বাজারে উপস্থিত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন,“আমরা ইনসাফের পক্ষে। অন্যায়কারী যে দলেরই হোক না কেন, কোনো অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না।”
