নড়াইল সংবাদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর উল্টে পড়ে শামীমা আক্তার সেতু (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বোন মিতু খানম (১২) আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
রোববার (৫ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীমা আক্তার সেতু ও মিতু খানম ওই এলাকার হাফিজার মোল্যার দুই মেয়ে।
সেতু স্থানীয় নলদী বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী এবং মিতু ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
স্বজন ও পুলিশ জানায়, রোববার রাতে পড়া শেষ করে খাবার খেয়ে সেতু ও মিতু দুই বোন ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২ টার দিকে ছোট পাথরবোঝাই ট্রাকটি নলদী খালপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশের ঘরের ওপর উল্টে পড়ে।
ওই ঘরেই ঘুমিয়ে ছিলেন দুই বোন। ঘুমন্ত অবস্থায় ট্রাকের চাপায় ও ট্রাকে থাকা পাথরের চাপায় সেতু ও তার ছোট বোন মিতু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎকরা সেতুকে মৃত ঘোষণা করেন। আহত মিতু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক আনিচুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপর ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
