বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের কাঠেরপুল এলাকায় বাড়তি দামে মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শামীম হোসাইন।

অভিযান চলাকালে কাঠেরপুল এলাকার বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। এ সময় রাজ বিফ হাউজ নামে একটি মাংসের দোকানে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে মাংস বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোকানের মালিক বাবুর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এসময় অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। যাতে কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করেন। এছাড়া কাঠেরপুল এলাকার বিভিন্ন ফলের দোকানেও তদারকি চালানো হয়।

সাথে সাথে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version