কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, জামায়াতের কর্মপরিষদ সদস্য কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, কেশবপুর থানার উপপরিদর্শক ওমর ফারুক ও কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ।
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ মেলার স্টলে কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, কৃষি যন্ত্রপাতি ও চাষাবাদের নতুন পদ্ধতি প্রদর্শন করা হয়। এ ছাড়া মেলায় কৃষকদের জন্য পরামর্শ, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানের অতিথি ও মেলায় আসা দর্শনার্থীরা এসব স্টল ঘুরে ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিকে এগিয়ে নিতে ও চাষাবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ ধরনের মেলার বিকল্প নেই।
আগামী ২২ এপ্রিল তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা শেষ হবে।
