কোটচাঁদপুর সংবাদদাতা :

ঝিনাইদহের কোটচাঁদপুর সাবদারপুর পুলিশ ফাঁড়ি থেকে ফরিদ হোসেন (২৮) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামি হাতকড়াসহ পালিয়ে যায়।

শুক্রবার রাতে উপজেলার সাবদারপুর পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। আসামী ফরিদ উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে কোটচাঁদপুরের সাবদারপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস ফোর্স নিয়ে ভোমরাডাঙ্গা এলাকায় অভিযান চালান।

এ সময় স্থানীয় বাজারসংলগ্ন একটি স্কুলের পেছন থেকে ফরিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সাবদারপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখা হয়। তবে ওই রাতেই তিনি হাতকড়াসহ ফাঁড়ি থেকে পালিয়ে যান।

ফরিদ কোটচাঁদপুর থানার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। পুলিশ ক্যাম্প থেকে আসামী পালিয়ে যাওয়া এবং পুলিশের ভুমিকা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে এএসআই আব্দুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, ফরিদ হোসেন নামের এক আসামি হাতকড়াসহ পালিয়েছে বলে জানতে পেরেছি।

তিনি কোন মামলার আসামি তা এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না। তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে পালানোর ১০ ঘন্টা পরে উপজেলার ভ্রমরাডাংডা গ্রাম থেকে তাকে আবার আটক করে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

Share.
Exit mobile version