চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছা উপজেলায় পৃথক দুটি অভিযানে মোট ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সিংহঝুলী ইউনিয়নের ঝাউতলা-বলিদাপাড়া-খাঁপাড়া এলাকায় অভিযান চালিয়ে বলিদাপাড়া গ্রামের বাসিন্দা শাহাজান আলী (৫২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে একই রাতে দশপাখিয়া পুলিশ ক্যাম্পের এসআই বায়েজীদ মোল্লার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার পলুয়া গ্রামের পশ্চিমপাড়া ঘাটকান্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাবলুর বাড়ির দক্ষিণ-পূর্ব পাশে একটি মেহগনি বাগান থেকে রিয়াজুল ইসলাম ওরফে টিটুকে (৩৬) ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

আটক টিটু ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চৌগাছা উপজেলার ছুটিপুর পালপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

পুলিশ জানায়, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

Share.
Exit mobile version