বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জমি দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে প্রকাশ্যে হত্যার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় উকিলের সহকারী বিপুল হোসেনের বিরুদ্ধে।
এ ঘটনায় রোববার বিকেলে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন। জিডি নম্বর-১৫২৭। অভিযুক্ত বিপুল হোসেন একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
সোহরাব হোসেন জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি সুজলপুর জামতলা মোড়ে অবস্থান করছিলেন। এ সময় বিপুল হোসেন তেড়ে এসে প্রকাশ্যে তাকে প্রাণনাশের হুমকি দেন। পরে এদিন বিকেলে তিনি থানায় একটি অভিযোগ করেন।
তিনি আরও জানান, সুজলপুর মৌজার সাত শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন বিপুল হোসেন ও স্থানীয় শিমুল হোসেন। এ ঘটনায় জমির মালিক আমির হোসেন গত ২১ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সোহরার দাবি করেন, ওই অভিযোগের জেরেই তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
এদিকে অভিযোগ অস্বীকার করেছেন বিপুল হোসেন। তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনি আরো জানান, তার কোন দলীয় পদ নেই এবং রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ জানান, অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
