বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে কয়েকজন শিক্ষার্থীর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার পর টানা দুই দিন কলেজ ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
কলজ সূত্রে জানা গেছে, গত রোববার এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে বিষয়টি কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
সোমবার রাজগঞ্জ কলেজ ছাত্রদলের উদ্যোগেও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।
উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষ জরুরি সভা করে অবসরপ্রাপ্ত অধ্যাপক কফিল উদ্দিনকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ঘটে যাওয়া একটি অনাকাক্সিক্ষত ঘটনার ভিডিও তাদের নজরে এসেছে। ঘটনার সত্যতা যাচাইয়ে মঙ্গলবার সিসিটিভি ফুটেজ বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা হলেও এ-সংক্রান্ত কোনো স্পষ্ট ফুটেজ পাওয়া যায়নি।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, ঘটনার প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হয়েছে এবং বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার নেপথ্যে কোনো শিক্ষক বা বিশেষ কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। তবে পরিস্থিতি শান্ত রাখতে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
