ঝিকরগাছা সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টায় ঝিকরগাছা বাজারের ব্রিজ সংলগ্ন স্থানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠ থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে থানার মোড় প্রদক্ষিণ করে ব্রিজ সংলগ্ন সমাবেশস্থলে এসে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলীম।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীসহ এ দেশের সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। আমরা সরকার গঠন করতে পারলে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, চাকরি ও অন্যান্য সকল ক্ষেত্রে মেধার ভিত্তিতে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা হবে।”

উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মকবুল হুসাইন, যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুনার রশিদ, উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান এবং যশোর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ঝিকরগাছা শ্রমিক আন্দোলন ফেডারেশনের সভাপতি মাওলানা দীন ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, থানা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মশিউর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, লুৎফর রহমান মাদানী, আবু জাফর, নাভারন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, পৌর আমীর আব্দুল হামিদ, নাভারন ইউনিয়ন সভাপতি মাস্টার আসাদুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

Share.
Exit mobile version