রামপাল সংবাদদাতা
বাগেরহাটের রামপালে পচাঁ গরুর মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (৭ জুন) সকাল ১০ টায় উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী ফয়লাহাটে অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
এ সময় ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
অভিযুক্তরা হলো রামপালের গোবিন্দপুর গ্রামের হারুনর রশিদ (৪৫) ও বাগেরহাটের খানপুর গ্রামের ইয়ামিন হাওলাদার (৩০)।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে জানান, ফয়লাবাজারে পচা গরুর মাংস বিক্রি হচ্ছে এই অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশন আমলে এনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও উভয়কে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। পরে পচা মাংস মাটি চাপা দেয়া হয় ।
স্থানীয়দের অভিযোগ হারুনর রশিদ গরু মাংসের ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত মৃত গরু ও পচা মাংস বিক্রি করে আসছিলো। এ সময় হারুনের মাংস বিক্রির লাইসেন্স বাতিলেরও দাবি জানান স্থানীয়রা।
