বাংলার ভোর প্রতিবেদক
রমজান মাসে সেহেরি ও ইফতারের সময় নিরবচ্চিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে প্রিপেইড মিটারে টাকা রিচার্জের পর গ্রাহক টাকা না পাওয়ার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার বিকেল ৪টায় যশোর সার্কিট হাউস মিলনায়তনে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ওয়েস্ট পাওয়ার জোনের ব্যবস্থাপনা পরিচালক জাকিরুজ্জামান।

প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের দেয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দ্বায়িত্ব পালনের আহবান জানানতিনি।

এছাড়া সেচ মৌসুম বিবেচনায় কৃষি এলাকায় বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি। এ সময় বোরো মৌসুমে কৃষক যেন কোন ভাবেই ক্ষতিগ্রস্থ না হয় তার জন্য প্রস্তুতির নির্দেশ দেন তিনি। তিনি বলেন, অতীতের চেয়েও মানুষ যেন ভালো কিছু অনুভব করে সেটি নিশ্চিত করতে হবে। জনগনের পক্ষ থেকে প্রশ্ন কিংবা অভিযোগ যত কম উত্থাপিত হবে তত আমাদের জন্য মঙ্গল।

মতবিনিময় শেষে সাংবাদিকরে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, নতুন সরকার মাত্র দুই কর্মদিবস পার করেছে এবং বিভিন্ন সমস্যার বাস্তব চিত্র পর্যালোচনা করা হচ্ছে। প্রিপেইড মিটার নিয়ে সাধারণ মানুষের যে প্রশ্ন রয়েছে তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এ ব্যাপারে সুষ্ঠ ব্যাখ্যা যাতে জনগণ পাই সেটা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যাসিস্টের রেজিম এবং অর্ন্তবর্তীকালীন সরকারের সময় পার করে দেশ পরিচালনায় এখন নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারের কাছে জনগণের আশা আকাক্সক্ষা অনেক তীব্র। আমরা নির্বাচিত সরকার জনগণ প্রতিনিয়ত তাদের সুবিধা অসুবিধার কথা আমাদের কাছে বলবে। সরকার যখন জনগণের ভোটে নির্বাচিত হয়। তখন সেই সরকারের কাছে জনগণ তাদের সমস্যার কথা বলতে চায় এবং সমস্যার সমাধান খুঁজতে চায়।

তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের কাছে সামাজিক চুক্তি ছিল। জনগণ বিএনপিকে নির্বাচিত করেছে। বিএনপির ইশতেহার এখন রাষ্ট্রীয় চুক্তিতে পরিণত হয়েছে। জগণের দেয়া ওয়াদা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই।
সভায় বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version