বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বেনাপোলে বাড়িতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ব্যবসায়ী সোহাগ হোসেন।

রোববার যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বেনাপোলের বড়আঁচড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী সোহাগ হোসেন বলেন, গত ৫ জুন রাত প্রায় ১০টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পর ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা তার ঘরের দরজা ও জানালা লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

তিনি জানান, হামলাকারীদের ছোড়া একটি গুলি জানালার কাচ ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দেয়ালে আঘাত করে। এতে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে।

সোহাগ হোসেন অভিযোগ করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে তার ওপর এ হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, আবু সাঈদ নামের এক ব্যক্তির কাছে তার ব্যবসার প্রায় ৪৯ লাখ টাকা পাওনা রয়েছে।

ওই টাকা পরিশোধ না করে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় আবু সাঈদসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১২ থেকে ১৩ জনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

সংবাদ সম্মেলনে সোহাগ হোসেন আরও বলেন, ঘটনার পর থেকে তিনি, তার স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। পুনরায় হামলার আশঙ্কায় তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে সোহাগ হোসেনের সঙ্গে রফিকুল ইসলাম ও আইয়ুব হোসেন উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version