বাংলার ভোর প্রতিবেদক

যশোরের শার্শা-বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, শনিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির একটি আভিযানিক টহলদল শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আমবাগান এলাকায় অভিযান চালায়।

এ সময় মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলির আনুমানিক সিজার মূল্য এক লাখ ১০ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

পরে উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরপূর্বক বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।

Share.
Exit mobile version