মহেশপুর সংবাদদাতা
মহেশপুর সীমান্তের ওপার থেকে তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার দুপুরে উপজেলার যাদবপুর সীমান্তের ওপারের ভারতীয় অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন, কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (১৫), পার-গোপালপুরের বাক্কা হোসেনের ছেলে সোহাগ হোসেন (২৭) এবং ওই গ্রামের গনি মন্ডলের ছেলে শাহিন (২২)। এদিকে বিএফএফের বরাত দিয়ে বিজিবি জানান ভারত থেকে মাদক নিয়ে দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।
জানা গেছে, আগের দিন অবৈধ পথে ভারত থেকে মাদক আনতে যান ওই তিন ব্যক্তি। মাদক নিয়ে ফেরার পথে টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্ত পিলার ৪৯/২-এস থেকে ১০০ মিটার ভারতের অভ্যন্তর থেকে তাদের আটক করে নিয়ে যায়।
বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘বিএসএফ আমাদের জানিয়েছে আটক ব্যক্তিদের কাছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া গেছে। তাদের বিষয়ে দুই দেশের আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, জানতে পেরেছি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী তিন বাংলাদেশীকে আটক করেছে।
