মাগুরা সংবাদদাতা
মাগুরায় জুলাই আন্দোলনে শহীদদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে “মাগুরা জুলাই ছাত্র ঐক্য”। “বিচার না হলে রাজপথ জ্বলবে”-এমন কঠোর হুঁশিয়ারিতে উত্তাল হয়ে ওঠে পুরো কর্মসূচি।

বুধবার দুপুর ১২টায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আইনজীবী ভবনের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।

মিছিলজুড়ে অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল ক্ষোভ, বেদনা ও ন্যায়বিচারের দাবিতে উচ্চারিত বিভিন্ন স্লোগান। সমাবেশে শহীদ পরিবারের সদস্যরা সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি, মামলার আসামিদের জামিনে সংশ্লিষ্ট কিছু আইনজীবীর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় মাগুরায় জুলাই আন্দোলনে শহীদ হস মেহেদী হাসান রাব্বি। এ ঘটনায় ১৩ আগস্ট মাগুরা সদর থানায় সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন রাব্বির বড় ভাই।

সম্প্রতি গত ২৭ এপ্রিল আসামিদের জামিনকে কেন্দ্র করে মাগুরায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই দিন ৪০-৫০ জনের একটি দল দুই আইনজীবীর চেম্বারে ভাঙচুর চালায়। এরই ধারাবাহিকতায় বুধবারের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আহত ও শহীদ পরিবারের সদস্যদের ন্যায়বিচারের দাবি দমিয়ে রাখতে পরিকল্পিতভাবে বিলম্ব করা হচ্ছে। এতে জনমনে ক্ষোভ বাড়ছে।

বক্তব্য দেন শহীদ সুমনের মা, শহীদ মুত্তাকিনের মা, বিল্লাহর মা, শহীদ রাব্বির বড় বোন, শহীদ আহাদের বাবা, শহীদ রাব্বির বড় ভাই, শহীদ রাব্বির স্ত্রী, শহীদ মিঠুর বাবা এবং শহীদ সোহানের মা।

শহীদ মিঠুর বাবা মোখলেছুর রহমান বলেন, “আমার সন্তান জীবন দিয়ে স্বাধীন বাংলাদেশকে রক্ষা করেছে। এই রক্তের সঙ্গে যারা বেঈমানি করবে, তারা পালানোর পথ পাবে না। হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ তাদের গ্রেপ্তারে গড়িমসি বিচারহীনতারই প্রমাণ।”

শহীদ রাব্বির স্ত্রী রুমি খাতুন বলেন, “আমি আমার সন্তানকে কোলে নিয়ে কেন স্বামীর হত্যার বিচার চাইব? অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে রাজপথেই গড়ে উঠবে তীব্র প্রতিরোধ আন্দোলন।

Share.
Exit mobile version