মাগুরা সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক ড্রাইভারের মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন ও ছিনতাই ও হত্যার দায়ে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শালিখা উপজেলার আড়পাড়া বাজারের মেসার্স মহামায়া ট্রেডার্সের জন্য ৬০ ব্যারেল ভোজ্য তেল নিয়ে ১৮ মে নারায়ণগঞ্জ থেকে রওনা দেন ট্রাক ড্রাইভার আব্দুর রহমান।

কিন্তু নির্ধারিত সময়ে ট্রাকটি গন্তব্যে না পৌঁছালে গোপাল সাহা ড্রাইভারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। এ সময় মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তিনি পার্শ্ববর্তী জেলাগুলোতে ট্রাক ও ড্রাইভারের সন্ধান করতে থাকেন।

একপর্যায়ে গত ২০ মে বিকেল ৪টার দিকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কোলা বাজার থেকে গাজির বাজার সড়কের খেদপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ট্রাক থেকে দুর্গন্ধ বের হতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ড্রাইভার আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়।

পুলিশ সুপার আরও জানান, গত ২৩ মে মহামায়া ট্রেডার্সের মালিক গোপাল সাহা মাগুরা পুলিশকে অবহিত করার পর তদন্তের একপর্যায়ে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের ৬০ ব্যারেল ভোজ্য তেল ভর্তি ট্রাক ছিনতাই এবং ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আজাদ হোসেন হিটলারকে (২৭) গ্রেফতার করা হয়। তার বাড়ি মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামে।

পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদেরও পর্যায়ক্রমে গ্রেফতার করা হবে।

Share.
Exit mobile version