বাংলার ভোর প্রতিবেদক
যশোরে চুরির অপবাদে গণপিটুনিতে নিহত মানসিক ভারসাম্যহীন মিনারুল কবির শামীম হত্যা মামলার অন্যতম আসামি ইসমাইলকে (২৫) গ্রেফতার করেছে র্যাব ৬।
শনিবার বেলা সাড়ে ১১ টায় র্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের শংকরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারৃত ইসমাইল যশোর সদর উপজেলার শ্রীকান্তনগরের বাসিন্দা।
শনিবার বিকেলে এক বার্তায় র্যাব জানায়, নিহত মিনারুল কবির শামীম একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন। গত ১৬ জানুয়ারি রাতে শহরের বলাডাঙ্গা গোবিন্দ মোড় এলাকায় একটি দোকানের সামনে মাচার ওপর তিনি শুয়ে ছিলেন। ওই রাতে দোকানে চুরির ঘটনা ঘটলে দোকানদার ও তার সহযোগিরা তাকে সন্দেহজনক ভাবে মারধর করে।
পরে গুরুতর আহত অবস্থায় রাত ৪টার দিকে অভিযুক্তরা তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করলে আসামিরা আত্মগোপনে চলে যায়।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে করা হয়েছে। আসামির বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
