বাংলার ভোর প্রতিবেদক

সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের রাজারহাট বাজারে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সদর উপজেলার রামনগর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে স্থানীয় বাজারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় নেতৃবৃন্দ জানান, আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী দেয়া হবে। সে লক্ষ্যে প্রার্থীদের জয়ী করতে দলের সব স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

রামনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এসএম শাহীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খবির গাজী।

রামনগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরোজ আলী খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, অ্যাডভোকেট আবু মুসা, জেলা কমিটির সদস্য ইকরাম হোসেন জুয়েল, সাবেক যুবনেতা ফসিয়ার রহমান, জাতীয় পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাবু এবং জেলার যুগ্ম আহ্বায়ক অধ্যাপক রেজাউল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ গোলাম রব্বানী।

Share.
Exit mobile version