বাংলার ভোর প্রতিবেদক
যশোরে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত আবেদন করেছেন ফাতেমা খাতুন (২৪) নামে এক গৃহবধূ। বর্তমানে তিনি তার শিশুকন্যাকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এবং ন্যায়বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

মঙ্গলবার যশোর কোতোয়ালি মডেল থানায় তার স্বামী হাসান আলী, দেবর নজরুল ইসলামসহ অজ্ঞাত সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ দাখিল করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া গ্রামের বাবুল তরফদারের মেয়ে ফাতেমা খাতুনের সঙ্গে যশোর সদর উপজেলার সতিঘাটা গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে হাসান আলীর বিয়ে হয়।

বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী ও তার ভাই তাকে মারধর ও বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল বলে অভিযোগ করেন তিনি।

পরবর্তীতে নির্যাতনের ঘটনায় ফাতেমা খাতুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে একটি মামলা দায়ের করেন। তবে মামলা দায়েরের পর তার ওপর চাপ ও হুমকি আরও বেড়ে যায়। অভিযোগে বলা হয়, মামলাটি তুলে নিতে অভিযুক্তরা বিভিন্ন সময় মোবাইল ফোনে তাকে হুমকি দিয়ে অবস্থান জানার চেষ্টা করছে।

ভুক্তভোগী জানান, যৌতুকের টাকা দিতে না পারায় তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। বর্তমানে তিনি যশোর সদরের বসুন্দিয়া এলাকায় এক পরিচিতের বাড়িতে শিশুকন্যাকে নিয়ে আতঙ্কে বসবাস করছেন। এমনকি তার ও সন্তানের ভরণপোষণও বন্ধ রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ফাতেমা খাতুন আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা যে কোনো সময় তার ও তার সন্তানের ক্ষতি করতে পারে। এ অবস্থায় তিনি স্বামীর গ্রেপ্তারসহ নিজের ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক হোসনে আরা জানান, ফাতেমা নামে এক নারী লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্তের জন্য একজন পুলিশ সদস্যকে দায়িত্ব দেয়া হয়েছে।

Share.
Exit mobile version