মাগুরা সংবাদদাতা
শপথ গ্রহণের পর প্রথম দিনেই ব্যতিক্রমী উদ্যোগ নিলেন মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বৃহস্পতিবার সকালে তিনি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পরিদর্শনে যান।
শপথের পরপরই নিজ নির্বাচনী এলাকায় ফিরে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে হাসপাতালকে প্রাধান্য দেয়ায় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া পড়েছে। পরিদর্শনকালে তিনি রোগীদের সঙ্গে একান্তে কথা বলেন, তাদের অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এ সময় হাসপাতালের সার্বিক পরিবেশ, চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন । পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) ডা. মোহসিন উদ্দিন ফকিরসহ সিনিয়র চিকিৎসক ও নার্সরা।
এ ছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ মাগুরা ও শ্রীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনোয়ার হোসেন খান বলেন, “শপথ নেয়ার পরপরই মাগুরায় এসে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আমি ছুটে এসেছি। স্বাস্থ্যখাতকে আমি সবসময় প্রাধান্য দিয়ে আসছি।”
তিনি আরও বলেন, “মাগুরাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
