বাংলার ভোর ডেস্ক

আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এর আগে গত বৃহস্পতিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করা হয়েছিল।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের অপরাধ প্রমাণিত হয়েছে। আদালতের এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে বলে তিনি মন্তব্য করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, নিহত রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে সে ঘর থেকে বের হলে স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজেদের কক্ষে নিয়ে যান। পরে সেখানে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় উভয় আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশুর স্বজনরা। তারা আশা করছেন, আদালতের এই রায় সমাজে শিশু নির্যাতন ও হত্যার মতো নৃশংস অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

Share.
Exit mobile version