জীবননগর সংবাদদাতা
আচার কিনে মায়ের কাছে ফেরা হলোনা শিশু রোজার। তার আগেই বেপরোয়া পাখি ভ্যান তার প্রাণবায়ু কেড়ে নিল। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের জিরো পয়েন্ট এলাকায়।

জানা গেছে, সকালে মায়ের সাথে রাস্তায় আসে রোজা (৪)। পরে আচার কিনে রাস্তা পার হওয়ার সময় মায়ের সামনেই বেপরোয়াগতির দ্রুতগামী বেকারি মাল বোঝাই একটি পাখি ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু রোজা সেনেরহুদা গ্রামের রাজু আহমেদের একমাত্র কন্যা।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে শিশুটির বাবা-মায়ের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে।

নিহত রোজার মা রুপা খাতুন জানান, আমার কোল থেকে নেমে দোকানে চলে যায় রোজা। আমি রাস্তার পাশে দাড়িয়ে ছিলাম। আমার মেয়ে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে দৌঁড়ে আসছিলো। তারপর একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দিলো।

এ ব্যাপারে উথলী ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অনাকাক্সিক্ষত ও দুঃখজনক।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share.
Exit mobile version