ঝিকরগাছা সংবাদদাতা
আজ শনিবার বিশ্ব ভালবাসা দিবস। এ দিবসকে কেন্দ্র করে বিগত দিনগুলোতে ফুলের ব্যাপক চাহিদা দেখা গেলেও এবার জাতীয় নির্বাচনের প্রভাবে যশোরের ঝিকরগাছার ফুলের রাজধানী খ্যাত গদখালী ফুল বাজারে ধস নেমেছে।

গত বছর এই দিবসকে ঘিরে প্রায় ১৫ কোটি টাকার ফুল বিক্রি হলেও এ বছর ৫ কোটি টাকার ফুল বিক্রি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সরেজমিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় গদখালীর ফুলবাজারে ফুল চাষিদের ব্যাপক উপস্থিতি থাকলে ক্রেতা না থাকায় ফুলের বাজার মূল্যে ধস নামে বলে জানান ফুল চাষি মহসিন আলী।

সৈয়দপাড়া গ্রামের খলিলুর রহমান (৫৮) জানান, তিনি গোলাপ প্রতি পিস ৭ – ১০ টাকা, গ্লাডিউলাস প্রতি পিস ৬ -১২ টাকা দরে বিক্রি করেছি। অথচ এক সপ্তাহ আগেও এর দাম দ্বিগুণ ছিল।

এছাড়া শুক্রবার বাজার ঘুরে দেখা যায়, রজনীগন্ধা প্রতি পিস ৩-৫ টাকা, জারবেরা ৬-৮ টাকা, গাঁদা প্রতি হাজার ২০০-৩০০ টাকা, জিপসী প্রতি আঁটি ৪০-৫০ টাকা, চন্দ্রমল্লিকা প্রতি শ’ ১৫০-২৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় অর্ধেক।

ফুলচাষী পানিসারা গ্রামের তবিবর (৬০) জানান, ১২ কাঠা জমিতে গোলাপ চাষ করেছি। সংসদ নির্বাচনের কারণে এবার ফুলের পাইকারি ক্রেতারা বাজারে না আসায় ব্যাপক ক্ষতি হয়েছে। গাড়ি ঘোড়া বন্ধ ছিল, এজন্য তারা আসতে পারেনি। কম দামে ফুল বিক্রি করতে বাধ্য হলাম।

হাড়িয়া গ্রামের ফুলচাষী শরিফ জানান, মোবাইল ব্যাংকিং চালু না থাকায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। ঝিকরগাছার আশপাশের এলাকাগুলোতে আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রিক্সা বা ভ্যানে করে ফুল পৌঁছে দিয়ে থাকি।

ঝিকরগাছা ফুল চাষী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক আবু জাফর জানান, জাতীয় নির্বাচনের কারণে ফুল বাজারে ধস নেমেছে। ফুলের ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন ফুল চাষিরা।

যশোর জেলা ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম জানান, গতবছর বিশ্ব ভালবাসা দিবসকে কেন্দ্র করে ১০ থেকে ১৫ কোটি টাকার ফুল বিক্রি হয়েছিল। এ বছর জাতীয় নির্বাচন এবং রোজার কারণে প্রায় ৫ কোটি টাকার ফুল বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম জানান, ঝিকরগাছা উপজেলায় ৬২৮ হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে।

Share.
Exit mobile version