বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শিক্ষার্থীদের খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতে হবে। এর মাধ্যমে তারা বিশ্বের মাঝে দেশকে প্রতিনিধিত্ব করতে পারবে।

এ জন্য শিক্ষক এবং অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে কেবল পাঠ্য বইয়ে সীমাবদ্ধ রাখলে হবে না।

বৃহস্পতিবার যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষা ও প্রাথমিক শিক্ষার প্রসারে যুগান্তকারী অবদান রেখেছিলেন।

তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগে শতকরা ৬০ ভাগ নারীদের জন্য কোটা চালু করেছিলেন। দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা গ্রহণে সুযোগ করে দিয়েছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহরাব হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জি এম আলমগীর কবির, সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল গনি, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ শাহজাহান আলী খোকন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল প্রমুখ।

Share.
Exit mobile version