বাংলার ভোর ডেস্ক :
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি হিশাম আল মুজাহিদী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে শাবিব জামালী আল মুজাহিদী।
১৯৪৩ সালের ১ জানুয়ারি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নারুচি গ্রামে জন্মগ্রহণ করেন আল মুজাহিদী। বাংলা সাহিত্যের ষাটের দশকের অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে তিনি সুপরিচিত ছিলেন।
তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘হেমলকের পেয়ালা’, ‘ধ্রুপদ ও টেরাকোটা’, ‘মৃত্তিকা অতি-মৃত্তিকা’, ‘সন্ধ্যার বৃষ্টি’, ‘পাখির পৃথিবী’, ‘দূত পারাবত’, ‘কাঁদো হিরোশিমা কাঁদো নাগাসাকি’, ‘যুদ্ধ নাস্তি’, ‘সহস্র দিবস সহস্র রজনী’ এবং ‘যুদ্ধবিরোধী কবিতা ও অন্যান্য’।
কবিতার পাশাপাশি তিনি ছোটগল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনায়ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বীর মুক্তিযোদ্ধা এ কবি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক ছাড়াও জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার, কবি জসীমউদ্দীন একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার এবং শেরে বাংলা সংসদ পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন।
