বাংলার ভোর প্রতিবেদক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশব্যাকের চেষ্টার প্রতিবাদ জানাতে যশোরের বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তবে সীমান্ত পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে তার গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে নাসিরউদ্দিন পাটোয়ারী বেনাপোলের সাদীপুর সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সীমান্ত পরিস্থিতির খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি বলেন, ‘সীমান্তের মানুষের দেখার যেন কেউ নেই। এখন থেকে বাংলার দামাল ছেলেরা বিজিবির পাশে দাঁড়াবে। সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সীমান্তে নিহত বাংলাদেশিদের বিচার নিশ্চিত করতে হবে।’
সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি আরও বলেন, সীমান্ত নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে বিচার দাবি করা উচিত এবং ভারতকে এসব ঘটনার জবাবদিহি করতে হবে।
বিএসএফের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, সীমান্তে পুশব্যাক, হত্যা ও নির্যাতনের ঘটনা বারবার ঘটছে। এসব বন্ধে সরকারকে আরও কঠোর ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।
এদিকে সীমান্ত পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে বেনাপোলের সাদীপুর মোড়ে পৌঁছালে নাসিরউদ্দিন পাটোয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি হাতুড়ি ও স্টিক হাতে বহরের কয়েকটি গাড়িকে ধাওয়া করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নেতাকর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় তৎপরতা চালান।
সীমান্ত পরিদর্শন এবং বহরে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এদিকে হামলার ঘটনায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন নাসীরুদ্দীন পাটোওয়ারী। তিনি বলেন, সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে।
এনসিপির এই নেতা আরও বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি। ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে আল্লাহর রহমতে আমরা সবাই নিরাপদ আছি।
নাসীরুদ্দীন পাটোওয়ারী বলেন, সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে। আল্লাহ ভরসা।
