বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মনিরামপুর উপজেলার চাঞ্চল্যকর এনামুল ইসলাম (৫৫) হত্যা মামলার দুই এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-৩, যশোর কোম্পানি। বুধবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, বুধবার (১০ জুন) রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-০৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাব্বি (২২) ও রাকিবকে গ্রেফতার করে।
ঘটনার মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই তাদের আটক করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, নিহত এনামুল ইসলাম ও গ্রেফতারকৃত আসামিরা একই এলাকার বাসিন্দা। গত ৬ জুন এনামুল ইসলামের নাতনি সুমাইয়াকে স্কুল থেকে ফেরার পথে রাব্বি উত্যক্ত করলে এনামুল ইসলাম তাকে বাধা দেন।
এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়।
এর জের ধরে গত ৮ জুন রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে স্মরণপুর জামতলা মোড় থেকে বাড়ি ফেরার পথে এনামুল ইসলামকে পথরোধ করে আসামিরা। এ সময় তারা চাপাতি ও চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান।
সেখানে নেয়ার পর রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মইিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মইিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
