বাংলার ভোর প্রতিবেদক
গত এপ্রিল মাসে দায়িত্ব পালন ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ যশোর জেলার ২০ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ। বুধবার সকালে যশোর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, এপ্রিল মাসে বিশেষ পুরস্কার পেয়েছেন শার্শা থানার পরিদর্শক ফারুক আহমেদ, জেলা পুলিশের অপরাধ শাখার পরিদর্শক মো. শহীদ তিতুমীর, প্রশাসন ও অর্থ বিভাগের ইন্সপেক্টর আজিজ আহমেদ, ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন শাখার পরিদর্শক এবং বিশেষ শাখার ডিআইও-১ ইন্সপেক্টর মীর শরিফুল হক।

সেরা উপ-পরিদর্শক হিসেবে নির্বাচিত হয়েছেন চৌগাছা থানার ইমরান হোসেন রাজু, জেলা ডিবি পুলিশের অলোক কুমার দে, সালাউদ্দিন খান কামাল হোসেন এবং জেলা পুলিশের বিশেষ শাখার আশিকুল আলম।
সেরা সহকারী উপ-পরিদর্শক হয়েছেন সিডিএমএস শাখার রেজেক আলী ও বিশেষ শাখার মুজাফফর হোসেন। এছাড়া জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল মেজবাহ এপ্রিল মাসের সেরা কনস্টেবল নির্বাচিত হয়েছেন।

বিশেষ পুরস্কার পেয়েছেন পুলিশ মিডিয়া সেলের নায়েক আমিনুল ইসলাম ও কনস্টেবল তৌহিদুল আলম রঞ্জন।

এছাড়া সাইবার ক্রাইম জোনের উপ-পরিদর্শক নুর ইসলাম ও দেবব্রত ঘোষ বিশেষ পুরস্কার পেয়েছেন। একই শাখা থেকে আরও পুরস্কৃত হয়েছেন কনস্টেবল আসাদুর রহমান, আতিকুর রহমান ও সৌরভ সরকার।
এপ্রিল মাসে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এই ২০ জন পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version