কেশবপুর পৌর সংবাদদাতা :
যশোরের কেশবপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় ওই কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাইদুর রহমান সাঈদ, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, জামায়াত নেতা অ্যাডভোকেট ওজিয়ার রহমান ও উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন। স্বাগত বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম।
প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়। এ ছাড়া দ্বিতীয় ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় হয়েছে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়।
প্রথম স্থান অধিকারী মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কাসেম বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম স্থান অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও তারা যেন আরও ভালো ফলাফল অর্জন করতে পারে সেজন্য সকলের কাছে দোয়া কামনা করছি।”
