কেশবপুর (পৌর) সংবাদদাতা
যশোরের কেশবপুরে স্ত্রীর মর্যাদা ফিরে পেতে কলেজ শিক্ষকের বিরুদ্ধে সংবাদ করেছেন মাহমুদা সুলতানা রেশমা (৩২) নামে এক নারী। শুক্রবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে তিনি নিজেকে আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের গণিতের প্রভাষক রফিকুল ইসলামের স্ত্রী দাবি করে ওই সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্য পাঠকালে মাহমুদা সুলতানা রেশমা বলেন, আমি একজন ডিভোর্সী মহিলা এবং ১০ বছরের ১টি পুত্র সন্তান আছে জানার পরও কেশবপুরের আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের গণিতের প্রভাষক রফিকুল ইসলাম আমার সাথে সখ্যতা তৈরি করেন। সে সুবাদে তার স্ত্রী অসুস্থ থাকার কথা বলে আমার সাথে গভীর সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রস্তাব দেয়। একপর্যায়ে আমার পরিবারের লোকজনের সম্মতিতে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর রেজিস্ট্রি কাবিনমূলে বিয়ে করে। বিয়ের পর কিছুদিন সংসার করে ১ ভরি ওজনের স্বর্ণের ১টি চেইন, দেড় ভরি ওজনের স্বর্ণের বালা ২টি, ১০ আনা ওজনের স্বর্ণের আংটি ২টি জোর পূর্বক ছিনিয়ে নিয়ে এক বস্ত্রে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

রেশমা আরও বলেন, আমি পেশায় কোম্পানির শ্রমিক ছিলাম। অত্যন্ত অসহায় থাকার সুযোগে আমাকে বিয়ে করে তালাক ও খোরপোষ না দেয়ার হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছে। আমি স্বামী রফিকুল ইসলামের ঘর সংসার করতে চাই।

সংবাদ সম্মেলন করে তিনি প্রশাসনসহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, মেয়েটিকে বিয়ে করেছিলাম। পরবর্তীতে বনিবনা না হওয়ায় ডিভোর্স দিয়েছি। এছাড়া যেসব অভিযোগ দেয়া হয়েছে সবই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।

Share.
Exit mobile version