কোটচাঁদপুর সংবাদদাতা :
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি পুরাতন ভবন ভাঙ্গার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৮টার দিকে কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ানুর হোসেন কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি পুরাতন ভবন ভাঙার কাজ করছিলেন ইয়ানুরসহ কয়েকজন শ্রমিক।
ভবন ভাঙার একপর্যায়ে অসাবধানতাবশত ইয়ানুরের হাতে থাকা একটি রড পাশে থাকা বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের মেইন লাইনের তারের সংস্পর্শে আসে। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয় মানুষের সহায়তায় পিতা জামের আলী ছেলেকে চিকিৎসার জন্য কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর বিদুৎ অফিসের সহকারী প্রকৌশলী (আবাসিক) সাইদুজ্জামান বলেন, এর জন্য আমাদের কোন দায়ভার নেই। কারণ কাজের আগেই একটু সাবধানে কাজ করলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।
কোটচাঁদপুর থানার (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
