মণিরামপুর সংবাদদাতা :
যশোরের মণিরামপুর উপজেলার মুক্তারপুর-গোয়ালবাড়িয়া এলাকায় অবস্থিত ঢালী ব্রিকস ইটভাটার বিরুদ্ধে পরিবেশ দূষণ, কৃষিজমির ক্ষতি এবং জনস্বাস্থ্য ঝুঁকির অভিযোগ তুলে জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
অভিযোগে বলা হয়েছে, প্রায় ১৫ বছর আগে স্থাপিত ইটভাটার কালো ধোঁয়া, কয়লার ধুলা ও ছাইয়ে আশপাশের বসতবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।
এছাড়া ইট তৈরির জন্য কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ায় জমির উৎপাদনক্ষমতা কমে যাচ্ছে। ফিটনেসবিহীন ট্রাক চলাচলে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগও বাড়ছে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, প্রতিবাদ করলে তাদের হুমকি দেয়া হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী আবাসিক এলাকা ও কৃষিজমির কাছে ইটভাটা স্থাপনের বিধিনিষেধ থাকলেও তা অমান্য করে ভাটাটি পরিচালিত হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে ইটভাটার মালিক আব্দুল হক ঢালী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিয়ম মেনেই ভাটা পরিচালনা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পরিবেশ অধিদপ্তরের যশোরের উপ-পরিচালক আতাউর রহমান বলেন, তদন্তে অভিযোগের সত্যতা মিললে ঢালী ব্রিকসের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
