কোটচাঁদপুর সংবাদদাতা
গ্রামের নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে সাধারণ মানুষের জন্য ব্যতিক্রমধর্মী এক স্বাস্থ্যসেবা উদ্যোগ নিয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুর ব্লাড ব্যাংক।
এর অংশ হিসেবে বুধবার সকাল থেকে কুশনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ‘ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন’ দিনব্যাপি স্থানীয়দের সেবা প্রদান করে।
নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক সাইফুল ইসলাম ও ডা. মুজাহিদুল ইসলাম নিউরোমেডিসিন, স্ট্রোক, ডায়াবেটিস, থাইরয়েডসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন। অনেক রোগীর জন্য এটি ছিল বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সরাসরি পরামর্শ নেয়ার বিরল সুযোগ।
এছাড়া, আগতদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, যা ভবিষ্যতে জরুরি রক্তদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করে।
আয়োজকরা জানান, রক্তদান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। ক্যাম্পকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। উপস্থিত অতিথি ও সেবাগ্রহীতারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী আখ্যা দিয়ে ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের দাবি জানান।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে আর্তমানবতার সেবায় কাজ কাজ করে আসছেকোটচাঁদপুর ব্লাড ব্যাংক। প্রতিষ্ঠানটি এ যাবত প্রায় ৫ হাজার ব্যাগ রক্তদানের পাশাপাশি বহুবিধ সামাজিক ও মানবিক কাজের সাথে জড়িত।
