বাংলার ভোর প্রতিবেদক

মুক্তিযুদ্ধকালীন যশোর জেলা বিএলএফ প্রধান ও বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

নাগরিক শোকসভা কমিটির আয়োজনে শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি যশোর মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরবতা পালন ও জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

স্বাগত বক্তব্য পাঠ করেন নাগরিক শোকসভা কমিটির সদস্য সচিব হারুন অর রশীদ।

নাগরিক শোকসভা কমিটির সদস্য সচিব ও দৈনিক বাংলার ভোর এর উপদেষ্টা সম্পাদক হারুন অর রশীদের সঞ্চালনায় শোকসভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনিকে স্মরণে বলেন, শুধু একজন মুক্তিযোদ্ধা নন, আলী হোসেন মনি ছিলেন মুক্তিযুদ্ধের একজন পরিকল্পনাকারী, সংগঠক এবং নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব।

অহংকার কখনো তাকে স্পর্শ করেনি। তিনি ছিলেন নির্লোভ এবং সাদাসিধা মানুষ। দেশের জন্য লড়াই করেছেন, দেশ স্বাধীন করেছেন এই হিসেবে তার মধ্যে একটি অহংকারবোধ কাজ করার কথা। কিন্তু তার মধ্যে এমন আচরণ কখনো দেখা যায়নি।

নেতৃবৃন্দ বলেন, আলী হোসেন মনি ভাবার জন্য কালক্ষেপণ না করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মহান মুক্তিযুদ্ধের পরেও ক্ষমতার সাথে লড়াই করেছেন। তিনি গা ভাসানো মানুষ ছিলেন না। ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোয় ছিল তার স্বভাবচারিত প্রধান বৈশিষ্ট্য।

এ সময় একটি দলের নাম উল্লেখ করে নেতৃবৃন্দ আরো বলেন, একাত্তরের ঘাতক স্বাধীনতার বিরোধিতাকারী সেই শকুনদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই আলী হোসেন মনির চেতনা বাস্তবায়ন এবং তাকে স্মরণ করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, জেলা পরিষদ যশোরের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক স্বপন, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দ্দৌলা, আলী হোসেন মনির কন্যা ফারজানা আলী অনি,

প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, জেলা পরিষদ পূজা উদযাপন পরিষদ নেতা দিপঙ্কর দাস রতন, সিপিবি নেতা মাহবুবুর রহমান মজনু, বাসদ নেতা হাচিনুর রহমান, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, আব্দুল্লাহ আল মামুন, আবেশ উদ্দিন, আব্দুল মালেক, জিল্লুর রহমান ভিটু, প্রকৌশলী রুহুল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ।

Share.
Exit mobile version