মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে এক সন্তানের জননীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার ভুক্তভোগীর পিতা বাদী হয়ে প্রতিবেশী ডালিম তরফদারকে আসামি করে মামলাটি করেছেন।

এর আগে শনিবার রাতে উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ডালিম তরফদার শ্যামকুড় বাজারপাড়ার নবী নুর তরফদারের ছেলে। বর্তমানে ভুক্তভোগী ওই নারী যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর পিতা জানান, পারিবারিক সু-সম্পর্ক থাকায় অভিযুক্ত ডালিম তরফদার নিয়মিত আমাদের বাড়িতে আসা যাওয়া করতেন। সেই সুবাদে শনিবার রাতে ডালিম তরফদার চেতনানাশক মেশানো খেজুর হাতে নিয়ে বাড়িতে আসেন।

পরিবারের সকলকে ওই চেতনানাশক মেশানো খেজুর খেতে দেন। এরপর ভোররাতে আমার মেয়ের তিন বছরের বাচ্চার কান্নার শব্দে ঘুম ভেঙে গেলে মেয়ের ঘরে গিয়ে দেখি ডালিম তরফদার তাকে ধর্ষণ করছেন। এ সময় মানুষের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ডালিম জানালার টিন সরিয়ে পালিয়ে যান।

মহেশপুর থানার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মামলা করেছেন। আসামি আটকের চেষ্টা করা হচ্ছে।

Share.
Exit mobile version