বাংলার ভোর প্রতিবেদক
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছেন যশোরের ফারহানা সুলতানা ঐশী।

পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৮৫ পেয়ে তিনি এই গৌরব অর্জন করেন। ঐশী যশোরের সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের শিক্ষার্থী ছিলেন।

সোমবার ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক ফলাফলের এই তথ্য নিশ্চিত করেছেন। গত ২৭ মার্চ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ঐশী।

ঐশীর সাফল্যের ঝুলি এখানেই শেষ নয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ‘সি’ ইউনিটে ৮০তম ও ‘বি’ ইউনিটে ১৬তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ‘ই’ ইউনিটে ৩য় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ম স্থান অধিকার করেছেন।

নিজের অনুভূতি ব্যক্ত করে ঐশী বলেন, এই সাফল্যের জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান আমার আম্মুর, তিনিই আমার প্রধান অনুপ্রেরণা। এছাড়া আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ।

ছোটদের উদ্দেশ্যে তিনি পরামর্শ দিয়ে বলেন, শুধু পরিশ্রম নয়, বরং ধৈর্য, ধারাবাহিকতা ও সঠিক কৌশলই সফলতার মূল চাবিকাঠি।

এবারের গুচ্ছ ‘সি’ ইউনিটে মোট ২৫ হাজার ২১৬ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৯ হাজার ৬০৬ জন।

এর মধ্যে পাসের হার ৬৬ শতাংশ, অর্থাৎ মোট ১২ হাজার ৯৭৮ জন শিক্ষার্থী ভর্তির প্রাথমিক যোগ্যতা অর্জন করেছেন।

ওএমআর শিটে ভুলের কারণে ৬ জন শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।

Share.
Exit mobile version