বাংলার ভোর প্রতিবেদক 

যশোর শহরে একটি জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠানের মালিকের কাছে ৮৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার দুপুরে যশোর শহরের মণিহার মোড় এলাকায় অবস্থিত ‘এ আর ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠানের অফিস থেকে তাকে আটক করা হয়। আটক জাহেদ হোসেন (৪০) সিলেট জেলার এয়ারপোর্ট লাখাউড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক রফিকুল ইসলাম যশোর কোতয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, রফিকুল ইসলামের পরিচালিত ‘এ আর ইন্টারন্যাশনাল’ নামে একটি রিক্রুটিং প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দেশে কর্মী পাঠানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখে জাহেদ হোসেন তার সঙ্গে যোগাযোগ করেন এবং ইউরোপের সার্বিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার প্রস্তাব দেন।

অভিযোগে বলা হয়, বিভিন্ন সময় মোবাইল ফোনে কথোপকথন ও অনলাইন চ্যাটের স্ক্রিনশট সংরক্ষণ করে রাখেন জাহেদ। একপর্যায়ে তিনি ৮টি সার্বিয়ার ভিসা জালিয়াতির মাধ্যমে তৈরি করে দেওয়ার প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ওই ব্যক্তি কথোপকথনের স্ক্রিনশট ও ভয়েস রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার হুমকি দেন।

পরে ৮টি ভিসার বিপরীতে ৮৪ লাখ টাকা দাবি করেন তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়িক ক্ষতি করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রবিবার দুপুরে এ বিষয়ে আলোচনার জন্য জাহেদ হোসেন যশোর শহরের মণিহার মোড়ে অবস্থিত অফিসে এসে পুনরায় টাকা দাবি করেন। এ সময় বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

ঘটনার সাক্ষী হিসেবে প্রতিষ্ঠানের অফিস সহকারী হাবিবুর রহমান ও কম্পিউটার অপারেটর জাহিদুর রহমানসহ কয়েকজনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনর্চাজ মাসুম খান জানান,শহরের মনিহার এলাকা থেকে জাল ভিসা প্রস্তুতকারীকে আটক করে পুলিশের হেফাজতে দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।

Share.
Exit mobile version