বাংলার ভোর প্রতিবেদক

ডেঙ্গু রোগের বিস্তার রোধে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে যশোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

যশোর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে উপজেলা চত্বরে এ কর্মসূচি উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউসুফ আলী, মেডিকেল অফিসার ডা. গুলশানা রহমান, মেডিকেল অফিসার ডা. মমতাজ সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আহসান আহমেদ, সিএইচসিপি সাইফুল, রাকীব, শহিদুল, জাহিদ, এসএসিএমও, এসআই ও অন্যান্য স্টাফবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. ইউসুফ আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার দেশজুড়ে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা শুরু করছে। আমরা সবার কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে, পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পানি জমতে না দেয়াই ডেঙ্গু প্রতিরোধের সর্বোত্তম উপায়।

এ সময় বক্তারা বলেন, প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা, ফুলের টব, ছাদ, বারান্দা, ড্রেন ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিস্কার রাখতে হবে।

কোথাও যেন কোনো অবস্থাতেই বৃষ্টির পানি বা অন্য কোনো পানি জমে না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

জমে থাকা এই স্বচ্ছ পানিই এডিস মশার প্রজননের প্রধান উৎস। তাই ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রতিটি পরিবার ও ব্যক্তির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Share.
Exit mobile version