বাংলার ভোর প্রতিবেদক :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত রোববার চট্টগ্রামের বন্যাকবলিত সি অ্যান্ড বি টেকবাজারপোল এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে শুকনা খাবার ও চাল বিতরণ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে প্রতিমন্ত্রী নগরীর ১১ নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকার জেলাপাড়ায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

টেকবাজারসংলগ্ন লাকি স্কয়ার কমিউনিটি সেন্টারে ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রি বিতরণ করেন। এরপর তিনি নগরীর ফইল্লাতলী বাজারসংলগ্ন মহেশ খাল ও বারনীঘাট খাল পরিদর্শন করেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের (৩৪ ইসিবি) ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শামসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপুরে প্রতিমন্ত্রী রাঙামাটির উদ্দেশে রওনা হন।

সেখানে তিনি বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন।

এর আগে গত ১০ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় ও নিবিড় তদারকি নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়।

Share.
Exit mobile version