বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের বাঘারপাড়া উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সহসভাপতি তামিম আল শাহরিয়ারকে আটক করেছে পুলিশ। আটক তামিম বাঘারপাড়া উপজেলার দোহাকোলা গ্রামের মৃত ইছাবুদ্দিন বিশ্বাসের ছেলে।

শনিবার রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রোববার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম বলেন, তামিম বাঘারপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এছাড়া তিনি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন।

তিনি আরও বলেন, তাকে আটক করে গত ৬ জুলাই দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Share.
Exit mobile version