শার্শা সংবাদদাতা

যশোরের শার্শা উপজেলার উলাশী এলাকায় অবস্থিত জিয়া খাল পুনঃখননকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান এ খালের খনন কাজ উদ্বোধন করেন।

এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় খালটি পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি)।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী খালটির বর্তমান অবস্থা, পুনঃখননের সম্ভাবনা এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই খালটি পুনঃখননের উদ্যোগ নেয়া হয়েছে জনগণের কল্যাণে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছেন। আগামী পাঁচ বছরে প্রায় ১০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তারই অংশ হিসেবে উলাশী জিয়া খালের কাজ শুরু হতে যাচ্ছে।”

তিনি আরও বলেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে। এতে কৃষকরা উপকৃত হবেন এবং তাদের উৎপাদিত ফসল পানিতে তলিয়ে নষ্ট হওয়ার আশঙ্কা কমে যাবে। একই সঙ্গে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, নাভারন সার্কেলের সহকারী সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জোয়া সেলিমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, জিয়া খালকে ঘিরে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। শুধু খাল পুনঃখননই নয়, এর তীরবর্তী এলাকাকে পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।

এতে একদিকে যেমন এলাকার জলাবদ্ধতা দূর হবে, অন্যদিকে এটি একটি সম্ভাবনাময় আকর্ষণীয় স্থানে পরিণত হতে পারে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে খাল পুনঃখননকে ঘিরে আশার সঞ্চার হয়েছে। তারা মনে করছেন, দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share.
Exit mobile version