জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ববিতা (২৭) সানোয়ার হোসেনের মেয়ে।
তিনি আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্তা ববিতা দুই সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। ১৮ এপ্রিল রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা ববিতার পিতার বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত ববিতাকে কুপিয়ে গুরুতর জখম করে।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ই এপ্রিল রোববার সকালে তার মৃত্যু হয় বলে জানা গেছে। বর্তমানে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জীবননগর থানা অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, খবর শোনমাত্র জীবননগর থানা পুলিশ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়।
এরপর ববিতার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চুয়াডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করে। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজে আমরা তার মৃত্যুর খবর শুনেছি। এছাড়াও বিষয়টি তদন্ত-পূর্বক পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
