জীবননগর সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগরে একটি কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে তুষার (২৫) মন্ডল নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তুষার মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের বাসিন্দা এবং ওই কোল্ড স্টোরেজের কর্মী ছিলেন।

সহকর্মীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তুষার ও তার সহকর্মী মফিজুল হক (৪২) একসঙ্গে দায়িত্ব পালন করছিলেন। রাতের দিকে মফিজুল হকের চোখে গ্যাস লাগলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তুষার তাকে বিশ্রাম নিতে বলেন এবং নিজেই দায়িত্ব চালিয়ে যেতে থাকেন।

পরে ভোর সাড়ে ৪টার দিকে মফিজুল হক ঘুম থেকে উঠে তুষারকে খুঁজে না পেয়ে কোল্ড স্টোরেজের ভেতরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল ৭টার দিকে কোল্ড স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষারকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান সেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় সহকর্মীদের মাঝে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Share.
Exit mobile version