জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারা ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত উপজেলার শাখারিয়া, দেহাটি ও সুবলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শুনানি শেষে তাদের বিরুদ্ধে দণ্ডাদেশ প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন-শাখারিয়া গ্রামের নূর মেহাম্মদ (৪৯)। তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড, সুবলপুর গ্রামের মধু (৫৫) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা এবং দেহাটি গ্রামের আব্দুল্লাহ (৫৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা
অর্থদণ্ড প্রদান করা হয়।

আদালত সূত্রে আরও জানা যায়, অর্থদণ্ড অনাদায়ে দণ্ডপ্রাপ্তদের অতিরিক্ত কারাভোগ করতে হবে। সাজা ঘোষণার পর তাদের পুলিশ হেফাজতে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Share.
Exit mobile version